বড় অগ্নিকান্ডের পর নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ

বড় ধরনের এক অগ্নিকান্ডের ঘটনায় নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। বুধবার পূর্ব আফ্রিকার এই বৃহত্তম বিমান পরিবহন কেন্দ্রটিতে সৃষ্ট দুর্ঘটনার কারণে বেশ কিছু ফ্লাইট আঞ্চলিক বিমানবন্দরগুলোতে পাঠানো হয়। বিমানবন্দরের প্রধান টার্মিনাল থেকে আকস্মিকভাবে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে শুরু করে। অগ্নিনির্বাপক কর্মীরা চার ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে স্থানীয় সময় সকাল নয়টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মুতিয়া ইরিঙ্গো বলেন, জেকেআইএ-তে (জমো কেনায়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর) মারাত্মক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকারণ্ডের কারণ এখনো জানা যায়নি। বিমানবন্দরটি বন্ধ করে দেয়ায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। আঞ্চলিক বিমানবন্দরগুলোর ধারণক্ষমতা সীমিত হওয়ায় নাইরোবিতে সকল যাত্রী অবতরণের ব্যবস্থা করতে তাদের হিমশিম খেতে হবে। কয়েক ঘন্টা পর কার্গো অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়। কেনিয়ান ন্যাশনাল ডিজ্যাস্টার অপারেশন সেন্টার গ্রিনিচ মান সময় ছয়টায় বলেছে, বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই অগ্নিকাণ্ডের সঙ্গে কোন ধরনের সন্ত্রাসী হামলার যোগ থাকার আভাস পাওয়া যায়নি।