কেরালায় বৃষ্টি ও বন্যায় ২০ জনের প্রাণহানি
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২০:২২
ভারতের কেরালা রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। সেখানে রবিবার থেকে এই ভারি বর্ষণ শুরু হয়। এতে সম্পদের ব্যাপক ক্ষতি হয়।
প্রবল বৃষ্টিতে কেরালার পার্বত্য ইদুকি অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতি হয়। এছাড়া বিভিন্নস্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এদিকে পার্কিং বে ও ট্যাক্সি ওয়েতে পানি প্রবেশ করায় কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ পর্যন্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট সোমবার বাতিল করা হয়েছে।
অপরদিকে আলুভায় নদীর তীরে অবস্থিত একটি শিবমন্দির বন্যার পানিতে প্রায় সম্পূর্ণ তলিয়ে গেছে। ধর্মীয় অনুষ্ঠান পালনে আজ এখানে হাজার হাজার লোক আসার কথা। ইদুকি ও আলুভা এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার লক্ষ্যে সেনা ও জাতীয় দুর্যোগ লাঘব বাহিনীর আটটি কন্টিনজেন্টকে ডেকে পাঠানো হয়েছে।
সোমবার প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল বর্ষণের ফলে সেখানে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।