এবার কাশ্মির সীমান্তে দুই পাকিস্তানি সেনা আহত

কাশ্মিরের বিতর্কিত হিমালয় সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে গুলিবিনিময়ে দুই পাকিস্তানি সেনা আহত হয়েছেন। পাকিস্তানি সেনাদের গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রতিবেশী বৈরী দেশ দুটির সীমান্তে আবার গোলগুলির ঘটনা ঘটল। বুধবার দুটি দেশের কর্মকর্তারাই সীমান্তে গুলিবিনিময়ের কথা স্বীকার করেছেন। মঙ্গলবার বিকেলে ওই গুলিবিনিময় হয়েছে বলে জানিয়েছেন এক পাকিস্তানী সেনা কর্মকর্তা। ভারতীয় বাহিনী “বিনা উস্কানিতে” গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেন তিনি। নতুন গুলিবিনিময় নিয়ে দু’পক্ষের সেনা কর্মকর্তাদের মধ্যে বিশেষ হট লাইনে আলোচনা হয়েছে বলে দাবি করেছেন তিনি। উত্তর কাশ্মির থেকে ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্্তা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে উত্তর কাশ্মিরের কামালকোট এলাকার উরি সেক্টরে দু’পক্ষের মধ্যে মেশিনগানের গুলিবিনিময় হয়েছে, এতে দুই পাকিস্তানি সেনা আহত বা নিহত হয়েছেন। তিনি দাবি করেন, পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ শুরু করলে ভারতীয় বাহিনীর তার জবাব দেয়। ‘ইট মারলে পাটকেলটি খেতে হবে’ ধরনের সহিংসতার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।