নতুন মিডিয়া পুরনো মিডিয়া
প্রকাশ : ১১ আগস্ট ২০১৩, ২০:৩০
অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজস ওয়াশিংটন পোস্ট পত্রিকার দাম দিচ্ছেন ২৫ কোটি ডলার, অনেকের কাছেই টাকাটা বিরাট অংকের মনে হতে পারে কিন্তু ইন্টারনেট ভিত্তিক মিডিয়াগুলোর দামের কথা বিবেচনা করলে পৃথিবী বিখ্যাত ওয়াশিংটন পোস্টের এই দাম সামান্য বলেই মনে হবে। জেফ বেজসের সম্পদের পরিমাণ ২৫শ’ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিনে ধনীদের তালিকায় তার স্থান ১৯তম। তার মোট সম্পদের তুলনায় ওয়াশিংটন পোস্টের দাম অত্যন্ত সামান্য। এই বেচাকেনার পাশাপাশি যদি আমরা দৃষ্টি দেই ইন্টারনেট ভিত্তিক নতুন মিডিয়াগুলোর দিকে তবে আমরা অবাক না হয়ে পারব না। কী বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ হচ্ছে সেগুলোতে। গতবছর শেয়ার বিক্রির সময় ফেসবুকের দাম ধরা হয়েছিল ১০ হাজার কোটি ডলার। প্রশ্ন দেখা দিচ্ছে নতুন ও পুরাতন মিডিয়াগুলোর মধ্যে দামের এই বিপুল পার্থক্য কেন তৈরি হচ্ছে। কেন্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক তিম লাখারস্ট বলেন, গত শতাব্দীর অধিকাংশ সময় ধরে সংবাদপত্র ছিল টাকা কামানোর যন্ত্র কিন্তু ব্যবসা টিকিয়ে রাখার জন্য, সময়ের সাথে পাল্লা দিয়ে শিল্পের প্রসারের জন্য গবেষণা হয়নি বললেই চলে। ব্যবসার কাঠামোর দিকে নজর দেয়া হয়েছে সামান্য। একই জিনিস অনেক জায়গায় ছাপানো হয়েছে। পাঠক তাই গিলেছে কিন্তু গত ২০ বছরে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। পাঠক কমেছে, খরচ অনুপাতে বিজ্ঞাপন বাড়েনি।
ওয়াশিংটন পোস্টের বর্তমান প্রচার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার, ২০০২ সালে ছিল ৭ লাখ ৭০ হাজার। লন্ডনের সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রয় গ্রিনস্লেড বলেন, বিশ্বের সবচেয়ে প্রশংসিত পত্রিকার একটি হলেও এর বিক্রি কমছিল। খরচ কমানোর পরেও হাফিংটন পোস্ট এবং পলিটিকোর মত নতুন পত্রিকাগুলোর চেয়ে বড় পত্রিকাগুলোর খরচ এখনও অনেক বেশি। এর একটি কারণ হচ্ছে ওয়াশিংটন পোস্টের মত বড় পত্রিকাগুলোতে অনুসন্ধানী রিপোর্টের জন্য প্রচুর খরচ করা হয়। অনেক সময় একটি ভালো সংবাদের জন্য প্রচুর ব্যয় করতে হয়। মাসের পর মাস একজন রিপোর্টারকে একটি রিপোর্টের পেছনে লাগিয়ে রাখতে হয়। কখনও রিপোর্ট বের করাও সম্ভব হয় না। তবে বেজসকে ওয়াশিংটন পোস্টে অনুসন্ধানী রিপোর্ট অব্যাহত রাখার ব্যাপারে বেশ আগ্রহী বলে মনে হচ্ছে। পত্রিকার কর্মীদের প্রতি এক চিঠিতে আগের মালিকদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি এবং যতই খরচ হোক সংবাদের পেছনে লেগে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। যে সকল পরিবর্তনের জন্য শিল্পটি ধাক্কা খেয়েছে সেগুলো তিনি ইতিমধ্যে চিহ্নিত করেছেন। লাখারস্ট বলেন, আশা করা যাচ্ছে তিনি সংবাদপত্রের একজন খুব ভালো মালিক হবেন। ওয়াশিংটন পোস্টের দরকার এমন একজন মালিক যিনি ব্যবসা বোঝেন আবার রিপোর্টের মানের ব্যাপারেও আপোষহীন।