ইরাকে ফের সহিংসতা যুক্তরাষ্ট্রের নিন্দা

ইরাকে রবিবার গুলি ও বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৭ জন। শনিবার শিয়া এলাকাগুলোতে সিরিজ গাড়িবোমা হামলায় ৯১ জনের প্রাণহানির পর এ সহিংসতা হল। যুক্তরাষ্ট্র দেশটিতে ঈদের মৌসুমে একের পর এক এ হামলার নিন্দা জানিয়েছে। রবিবার বন্দুকধারীরা রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে বুহরিজ শহরে সুন্নি মিলিশিয়াদের একটি চেকপয়েন্টে গুলি চালায়। এতে ২ জন নিহত এবং ২ জন আহত হয়। আরো উত্তরের বালাদ শহরের একটি ব্যস্ত পার্কে বন্দুকধারীদের গুলিতে ২ জন নিহত এবং ৩ জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণে মাহাওয়িল শহরে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয় সন্ত্রাস-বিরোধী স্কোয়াডের তিন কর্মকর্তা। আহত হয় ৯ জন। এর আগে শনিবার বাগদাদের শিয়া এলাকাগুলোতে বিভিন্ন বাজার, রেস্তোরাঁ, ক্যাফে এবং কেনাকাটার ব্যস্ত রাস্তায় দফায় দফায় বোমা হামলা হয়। এসব হামলায় প্রায় ৮০ জনের মৃত্যুর কড়া নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র একে ‘কাপুরুষোচিত হামলা’ আখ্যা দিয়েছে।