সীমান্ত ফাঁড়িতে ভারতীয় হামলার অভিযোগ পাকিস্তানের

পাকিস্তান রবিবার অভিযোগ করেছে যে, ভারতীয় বাহিনী পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলীয় শিয়ালকোর্ট নগরীর নিকটবর্তী পাকিস্তানের সীমান্ত ফাঁড়িতে হামলা চালিয়েছে। এর ফলে উভয়পক্ষের মধ্যে ‘অবিরাম গুলি বিনিময়’ হয়। এটি গত কয়েকদিনে ভারত ও পাকিস্তানের মধ্যে বিক্ষিপ্ত আন্তঃসীমান্ত সংঘর্ষের সর্বশেষ ঘটনা। আন্তঃসীমান্ত সংঘর্ষের জন্য উভয় দেশ পরস্পরকে দোষারোপ করছে। আর এ নিয়ে কাশ্মীরে উত্তেজনা দেখা দিয়েছে। তবে রবিবারের ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী পাঞ্জাব প্রদেশে। একজন সিনিয়র সামরিক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ভারতের সীমান্তরক্ষী বাহিনী শিয়ালকোট সেক্টরের হেড মারালা এলাকায় পুখলিয়ানের পার্শ্ববর্তী পাকিস্তানী রেঞ্জার্স ফাঁড়িতে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এই সামরিক কর্মকর্তা বলেন, ‘অবিরাম গুলি বিনিময় চলছে। তবে এখনো পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।’ এর আগে দিল্লী অভিযোগ করে যে সোমবার রাতে সীমান্তে অতর্কিত হামলায় পাঁচ ভারতীয় সৈন্য হত্যার ঘটনায় পাকিস্তানী সেনাবাহিনী জড়িত।