নাইজেরিয়ার মসজিদে জঙ্গি হামলায় ৪৪ মুসল্লি নিহত

নাইজেরিয়ার বর্নো প্রদেশে সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হামলায় কমপক্ষে ৪৪ জন মুসল্লি নিহত হয়েছে। রবিবার ফজরের নামাজের সময় এ হতাহতের ঘটনা ঘটলেও সোমবারের আগে ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। প্রাদেশিক রাজধানী মাইদুগুরি থেকে ৩৫ কিলোমিটার দূরের কনদুগা শহরে রবিবার ভোরে একটি মসজিদে হামলার ঘটনাটি ঘটে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর ছদ্মবেশে মসজিদে প্রবেশ করে মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিল। হামলায় ৪৪ মুসল্লি নিহত এবং আরো ২৬ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এর জন্য ইসলামি জঙ্গিগোষ্ঠি বোকো হারেমকে সন্দেহ করা হচ্ছে। এর আগে এই গোষ্ঠির নেতা আবু বকর শেকাউ এক ভিডিও বার্তার মাধ্যমে সামপ্রতিক কয়েকটি হামলার দায়িত্ব স্বীকার করেন। তিনি আরো দাবি করেন, তারা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং বেশি হামলা চালাতে সক্ষম। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকো হারেমের হাতে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। সাধারণত তারা খ্রিস্টানদের উপাসনালয় গীর্জাগুলোতে হামলা চালিয়ে থাকে। মাঝে মাঝে তারা মসজিদেও হামলা চালায়। রবিবার মাইদুগুরু শহরের বাইরে নোগম গ্রামে অন্য এক হামলায় আরো ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। বর্নোর প্রাদেশিক কর্মকর্তা উসমান মুসা জানান, মসজিদে হামলা শেষে ফেরার পথে সন্ত্রাসীরা গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে তাদেরকে হত্যা করে। উল্লেখ্য, বোকো হারামকে দমন করতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে গত মে মাসে জরুরি অবস্থা জারি করা হয়। বোকো হারাম নাইজেরিয়ায় সরকার উত্খাত করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।