কাশ্মীর ইস্যুর সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই :যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২০:২৮
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, কাশ্মীর ইস্যুর সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। দক্ষিণ এশিয়ার এ বিষয়টি সন্ত্রাসবাদ থেকে সম্পূর্ণ আলাদা। তাই একে এর সঙ্গে গুলিয়ে ফেলে বিভ্রান্ত সৃষ্টি করা উচিত নয়। সোমবার ওয়াশিংটনে ভারতীয় এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।—খবর ডন ডটকমের।
মেরি হার্ফ বলেন, আমরা এই দু’টি বিষয়কে আলাদা হিসাবে বলতে চাই। একটির সঙ্গে অপরটির কোন সম্পর্ক নেই। কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদ পুরোপুরি পৃথক দুটি বিষয়। ভারতীয় ওই সাংবাদিক কাশ্মীর ইস্যুর সঙ্গে সন্ত্রাসবাদ তথা আল কায়েদা ও তালেবান জঙ্গিদের সম্পৃক্ত থাকার কথা বলতে চাইলে এর জবাবে তিনি এ কথাগুলো বলেন। হার্ফ বলেন, উভয় বিষয় নিয়ে আমাদের যে অবস্থান তা সকলেরই জানা। কাশ্মীর ইস্যু নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে বলেন, আমরা এর আগেও বলেছি এবং এখনো বলছি, এই বিষয়টি ভারত-পাকিস্তান উভয়ের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। কেননা এ ছাড়া তাদের বিকল্প আর কোন পথ খোলা নেই। তবে ভারত-পাকিস্তান দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোন সহিংস ঘটনার বিরুদ্ধে আমাদের উদ্বিগ্নতা সবসময়ই থাকবে।হার্ফ বলেন, দুই দেশের মধ্যে সামপ্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটেছে এবং আমরা আশা করছি অদূর ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমরা সবসময়ই বলে আসছি যে, তাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা আস্থার জায়গা সৃষ্টি করতে হবে।