ইরাকে ফের আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় এলাকায় পৃথক কয়েকটি হামলায় সোমবার ২৪ জন নিহত হয়েছে। এসব ঘটনায় তিন শিশুসহ আহত হয়েছে আরো ৬৯ জন। একটি ক্যাফে, ফুটবল মাঠ এবং বিপনী বিতানে হামলাগুলো চালানো হয়। সোমবার সন্ধ্যায় বালাদ শহরে এক ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হয়। আহত হয় আরো ৩৫ জন। বাগদাদের উত্তরাঞ্চলীয় মুগদাদিয়া এলাকার এক ফুটবল মাঠের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয় ৪ জন। আহত হয় আরো ১৪ জন। সোমবার তৃতীয় আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার এক মার্কেটে। এতে ৪ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়। চলতি বছর ইরাকে সহিংসতা তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে। বিভিন্ন হামলায় ইতিমধ্যেই ৩ হাজার ৪শ’র বেশি লোক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে সামপ্রতিক রমজান মাসেই মারা গেছে ৮ শতাধিক মানুষ।