দার্জিলিং না যাওয়ার পরামর্শ হতাশ পর্যটন ব্যবসায়ীরা

ভারতের কয়েকটি রাজ্যে সম্প্রতি বনধ সহ নানামুখী আন্দোলনের কারণে ব্রিটেনের নাগরিকদের দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে ব্রিটিশ ওয়েবসাইট। এর ফলে দার্জিলিংসহ আশেপাশের কয়েকটি রাজ্যে বিদেশি পর্যটকের ভ্রমণের হার কমে যাবে বলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন দেশটির পর্যটন ব্যবসায়ীরা। দার্জিলিংসহ আশেপাশের পর্যটন স্পটগুলোর ব্যাপারে ব্রিটিশ ওয়েবসাইটের প্রকাশিত সতর্ক বার্তা পুনর্বিবেচনা করার জন্য অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজম (অ্যাকট) ব্রিটিশ কনস্যুলেটকে চিঠি পাঠিয়েছে। খবর কলকাতার বর্তমান পত্রিকার। অ্যাকটের আহবায়ক তথা সিকিম সরকারের পর্যটন উপদেষ্টা রাজ বসু বলেন, ব্রিটিশ ওয়েবসাইটে এ ধরনের বার্তা প্রকাশিত হওয়ায় তা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোর পর্যটকদেরও ঘুরতে আসার ব্যাপারে নিরুত্সাহিত করবে। আমরা ব্রিটিশ কনস্যুলেটকে বাস্তব পরিস্থিতি অবহিত করে প্রকাশিত সতর্ক বার্তা পুনর্বিবেচনা করার অনুরোধ করেছি। পর্যটন ব্যবসায়ীদের সংগঠন এতোয়ার সম্পাদক তাপস রায় বলেন, ঐ ওয়েবসাইটে দার্জিলিং ও সিকিমে পর্যটকদের যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এটা খুবই উদ্বেগজনক ঘটনা। প্রতিবছর প্রায় ১৫ শতাংশ বিদেশি পর্যটক দার্জিলিং ও সিকিমে যায়। পুজো মৌসুমের আগে এ ধরনের বার্তা পর্যটন ব্যবসার ব্যপক ক্ষতি করবে। গত ৩ আগস্ট থেকে গোর্খা জনমুক্তি মোর্চা গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বনধের ডাক দেয়। এ ঘটনার পাঁচদিন পর ৮ আগস্ট ব্রিটিশ ওয়েবসাইটে বলা হয়, এখন সেখানে বেড়াতে গেলে পর্যটকদের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে।