নরওয়েতে বাস দুর্ঘটনায় দুই পর্যটক নিহত
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২০:২৯
নরওয়ের পশ্চিমাঞ্চলে সোমবার দু’টি বাসের সংঘর্ষে দু’জন পর্যটক নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। বিদেশি পর্যটকদের বহন করা একটি সুইডিশ বাসের সাথে নরওয়ের একটি বাসের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। -এএফপি এ কথা জানায়।
বার্তা সংস্থা এনটিবি জানায়, এ দুর্ঘটনায় নিহত দু’জনই মহিলা। এদের একজন নরওয়ে এবং অপরজন তাইওয়ানের নাগরিক। স্থানীয় পুলিশ অপারেশন প্রধান হ্যান্স পিটার হার্লেম জানান, সন্ডাল ও লেকাঞ্জার শহরের সংযোগ সড়ক দিয়ে চলার সময় সোমবার সন্ধ্যায় এ দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সন্ডালের মেয়র জার্লি আর্ভোল নিউজ চ্যানেল টিভি-২ নিহাতস্কানালেনকে বলেন, এ সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ জানায়, এ দু’টি বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিল।