সংবাদ কণিকা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২১:০৫
তাপ নিয়ন্ত্রক জানালা
গরমের তাপদাহ থেকে মানুষকে রক্ষার নতুন উপায় উদ্ভাবন করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা। তাদের উদ্ভাবিত এ নতুন প্রক্রিয়ায় ঘরের জানালাটিই স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন অনুযায়ী ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। নতুন এ প্রক্রিয়ায় তাপদাহ থেকে রক্ষায় যে বিদ্যুত্ খরচ হতো, তা অনেকটাই কমবে। গবেষকরা এ নতুন ধরনের জানালার নাম দিয়েছেন সেলফ কুলিং উইন্ডো। এটি মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের অনুকরণে বানানো হয়েছে। এভাবে এটি বানানোর প্রধান কারণ হচ্ছে, মানব শরীর যখন তাপ অনুভব করে, তখন দেহকে ঠাণ্ডা রাখতে শরীরের অভ্যন্তরে বেশি রক্ত পরিবাহিত হতে থাকে। —রয়টার্স
মোটা মায়ের
সন্তানদের ঝুঁকি
স্কটল্যান্ডে করা একটি জরিপ থেকে গবেষকরা দেখেছেন, মোটা মহিলাদের সন্তানদের ৫৫ বছর বয়স হওয়ার আগে মারা যাওয়ার সম্ভাবনা ৩৫ শতাংশ বেশি। এছাড়া তাদের হূদরোগ হবার সম্ভাবনাও ৪২ শতাংশ বেশি। জরিপটা করা হয়েছিল ১৯৫০ থেকে ১৯৭৬ সালের মধ্যে জন্ম নেয়া এমন ৩৭ হাজার ৭০৯ জন ছেলেমেয়েকে নিয়ে। সেইসঙ্গে যোগ হয়েছে সেইসব ছেলেমেয়েকে জন্ম দিয়েছিলেন, এমন ২৮ হাজার ৫৪০ জন মায়ের তথ্য। ইউরোপে অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অতিরিক্ত মোটা হওয়ার সমস্যার বিরুদ্ধে সাবধানবাণী উচ্চারণ করেছে। —এএফপি
উত্তরাখন্ডে সাহায্যে সেলিব্রিটিরা
উত্তরাখণ্ডে বন্যাদুর্গতদের সাহায্যে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন টেলিভিশন এবং বলিউডি সেলিব্রিটিরা। ১৫ আগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে স্টার টিভির সৌজন্যে সেলিব্রিটিরা ৭ ঘণ্টার একটি শো-এর আয়োজন করেছেন। শোটি বৃহস্পতিবার প্রচারিত হবে। এ বিষয়ে অমিতাভ বচ্চন বলেন, “বলিউডি চলচ্চিত্র জগতের জন্য এটি একটি বড় সুযোগ। এর মধ্যদিয়ে তারা দুর্গতদের পাশে দাঁড়াতে পারবেন। যারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন তাদের জন্যও কিছু করার সুযোগ পাব আমরা।” —টাইমস অফ ইন্ডিয়া