বৈরুতে হিজবুল্লাহ ঘাঁটিতে
বোমা হামলায় নিহত ২০
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২১:০৭
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ ঘাঁটিতে বৃহস্পতিবার ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। সূত্র জানায়, এ গাড়ি বোমা হামলাটি এমন এক স্থানে হয়েছে যেখানে শিয়াদের জঙ্গি সংগঠন হিজবুল্লাহর অনেক অনুসারী রয়েছে। হামলার পর বিস্ফোরণস্থলের কাছে ভবনের ভিতরে অনেকেই আটকা পড়ে যায়। ৬০ কেজি টিএনটি শক্তিসম্পন্ন এ বোমার বিস্ফোরণে বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়। দূর থেকে শুধু ধোঁয়ার কুন্ডুলি দেখা যায়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, আটকা-পড়া লোকজনকে উদ্ধারে দমকল কর্মীরা ব্যাপক চেষ্টা চালাচ্ছেন। বাইরে আতঙ্কিত লোকজন তখন ছুটাছুটি করতে থাকে। সিরিয়ায় তত্পর কথিত সুন্নী গ্রুপ আয়শা উম-আল মুমেনিন এ বোমা হামলার দায় স্বীকার করেছে। এ হামলার সঙ্গে সিরিয়ার বর্তমান সহিংসতার যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেননা হিজবুল্লাহ গ্রুপ প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে।
এদিকে লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এ বোমা হামলার পর শুক্রবার একদিনের শোক ঘোষণা করেন। সেইসঙ্গে তিনি দেশটির ঊর্ধ্বতন প্রতিরক্ষা পরিষদকে এ ব্যাপারে অবিলম্বে সভা করার আহবান জানান।