ইরাকে আবারো বোমা হামলা, নিহত ১৮
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ২১:০৪
ইরাকে সামপ্রতিক সময়ে সহিংসতা বেড়ে যাওয়ায় জঙ্গিদের টার্গেট করে ব্যাপক অভিযান পরিচালনা সত্ত্বেও আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাজধানী বাগদাদে পৃথক ঘটনায় বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছে। এর মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে ছয়জন নিহত হয়।— খবর ডন ডটকমের।
প্রথম ঘটনাটি ঘটে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে। এখানে সেনাবাহিনীর একটি চেকপয়েন্টের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় চারজন নিহত হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলাকারী একটি বিস্ফোরক বোঝাই ট্রাকের মাধ্যমে এ ঘটনা ঘটায়। ওইদিন উত্তরাঞ্চলীয় প্রদেশ নিনভেহতে গুলি ও বোমা হামলায় পাঁচজন নিহত হয়। এছাড়া কিরকুকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গাড়ি বোমা হামলায় আরো বেশ কয়েকজন নিহত হয়। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে উত্তর বাগদাদের দুজাইলে। এখানে বিয়ের অনুষ্ঠানে বোমার বিস্ফোরণে ছয়জন মারা যায়। তবে এতে বর বা কনে উভয়েই অক্ষত আছে। এই এলাকাটি শিয়া অধ্যুষিত এলাকা। এখানে প্রায় সময়ই এ ধরনের ঘটনা ঘটে আসছে। মূলত দেশটিতে শিয়া-সুন্নী দ্বন্দ্ব ও ইসলামি জঙ্গিদের বিভিন্ন ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ডই এত সহিংসতার কারণ।
বার্তা সংস্থা এএফপি জানায়, এ বছরের প্রথম থেকে এ পর্যন্ত বিভিন্ন সহিংসতা ও বোমা হামলায় ৩ হাজার ৫৭০ জন লোক নিহত হয়েছে।