ভারতের সঙ্গে সুম্পর্কের ফলে উপনির্বাচনে এই জয়
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২১:২৬
গণতান্ত্রিক পদ্ধতিতে তৃতীয়বার ক্ষমতায় আসার মাস তিনেকের মধ্যে উপ-নির্বাচনের মুখোমুখি হয়ে নওয়াজ শরিফ বুঝিয়ে দিলেন তাঁর দলই এখন পাকিস্তানের সবচাইতে শক্তিশালী দল। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে শুরু করে ইমরানের তেহরিক-ই-ইনসাফ কোন দলই মাথা তুলে দাঁড়াতে পারেনি শরিফের পিএমএল-এন প্রার্থীদের সামনে। পাকিস্তানের পাঞ্জাবের সেই ভূমিপুত্রের উপরই আস্থা রেখেছেন দেশের মানুষ।
কলকাতার বর্তমান পত্রিকার খবরে বলা হয়, দলের এই জয়ের কারণ হিসেবে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রতিবেশী ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কেই প্রাধান্য দিতে চাইছেন। তাঁর দাবি, দু’দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতেই হবে। কাশ্মীর নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করতে হবে। নওয়াজ শরিফ বলেন, দু’দেশের মধ্যে তিক্ততা দূর করতেই হবে। অস্ত্র কিনতে যে অর্থ খরচ করা হয়, সেই অর্থ সামাজিক খাতে খরচ না করলে দেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না। উপ-নির্বাচনের ফলাফল প্রকাশের পর শুক্রবার নওয়াজ শরিফ এসব কথা বলেন। শরিফ কথা দিয়েছেন, ১৯৯৯-এ যে কাজ অসমাপ্ত থেকে গিয়েছে, তা এই জমানায় সম্পন্ন করার চেষ্টা করবেন তিনি।
কারগিলের তিক্ততা মুছে ফেলে ভারতের কাছে, নিজের ‘বিশ্বাসযোগ্যতা’ প্রমাণ করে ছাড়বেন। শরিফ জানিয়েছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার যাবতীয় প্রচেষ্টা চালাবেন।