বলিভিয়ায় কারাদাঙ্গা নিহত ২৯
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ২১:২৭
বলিভিয়ার পূর্বাঞ্চলে একটি কারাগারে দাঙ্গায় ২৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা এ খবর জানান। দেশটির পুলিশ প্রধান আলবার্তো জর্জ অ্যারসেনা বলেন, ওইদিন ভোরের দিকে সান্তাক্রুজ শহরের পালমাসোলা জেলে কয়েদীদের দু’পক্ষের মধ্যে ব্যাপক দাঙ্গা শুরু হয়। এ সময় তারা একটি ব্লকে থাকা প্রপাইন গ্যাস ভর্তি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটায়। এতে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে যে এই আগুন থেকেই অধিকাংশের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে অনেকের অবস্থা এমন দাঁড়ায় যে,তাদের শনাক্ত করাই কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, দাঙ্গার সৃষ্টি হয় মূলত কারাগারে দু’টি ব্লকের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে। আর এ থেকেই দাঙ্গা তখন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয় , বিস্ফোরণের পর সেখানে গুলির শব্দ শোনা গেছে। কর্তৃপক্ষ জানান, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।