ফ্রান্সে বৃদ্ধাশ্রমে অগ্নিকান্ডে ৩ জনের প্রাণহানি

ফ্রান্সের একটি বৃদ্ধাশ্রমে শুক্রবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। পুলিশ জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লা টেরাসের ওই বাড়িটিতে প্রায় ৮০জন বাসিন্দা ছিল। শহরটি গ্রেনোবেল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ আরো জানিয়েছে, লেস সোলাম্বার্স নামের বাড়িটির এক বাসিন্দার কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে এখনো এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। প্রায় ১০০ দমকল কর্মী ও পুলিশ কর্মকর্তা বাড়ির অধিকাংশ বাসিন্দাকে সরিয়ে নেয়। উদ্ধারকারী দলটি সম্ভাব্য আরো মৃতদেহের খোঁজে বাড়িটিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। বাড়িটির প্রায় ৫০ বাসিন্দাকে মিলনায়তনে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের নিজ নিজ কক্ষে থাকার অনুমতি দেয়া হয়েছে।