ইরান পাকিস্তান গ্যাস পাইপ লাইন চীন পর্যন্ত যেতে পারে
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৩, ১৯:৩০
ইরানের সঙ্গে পাকিস্তানের গ্যাস পাইপ লাইনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকা সত্ত্বেও পাকিস্তান চীন অর্থনেতিক অঞ্চলের অংশ হিসেবে ইরান পাকিস্তান গ্যাস পাইপ লাইন চীন পর্যন্ত সম্প্রসারণ করতে চাইছে পাকিস্তান। পাকিস্তানের গাদার থেকে চীনের পশ্চিম অংশে গ্যাস পাইপ লাইন স্থাপনের বিষয়ে আজ সোমবার পাকিস্তানের ইসলামাবাদে চীনের কর্মকর্তারা আলোচনায় বসবেন। পাকিস্তান ও চীনের মধ্যে তেলের পাইপ লাইন স্থাপনের বিষয়টিও আলোচনায় স্থান পাবে। অর্থনৈতিক করিডোরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করা হবে। অর্থনৈতিক করিডোরের অংশ হিসেবে পাকিস্তানের গাদার বন্দরের সঙ্গে সড়ক ও রেলপথে চীনের যোগাযোগ স্থাপন করা হবে। গত জুলাইয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চীন সফরের সময় গ্যাস ও তেলের পাইপ লাইন স্থাপন ও অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা হয়েছিল। তখনই চীনা কোম্পানীগুলো গাদার বন্দর থেকে চীনের পশ্চিমাঞ্চল পর্যন্ত পাইপ লাইন স্থাপনে আগ্রহ প্রকাশ করে। ইরানও এতে আগ্রহ প্রকাশ করে। পাকিস্তানে গ্যাস পাইপ লাইন স্থাপনে খরচ হবে ১৫০ কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের চাপে বিদেশি সহায়তা পাওয়া কঠিন হওয়ায় ইরানকে এর খরচ বহন করতে বলেছে পাকিস্তান। ইরান ইতিমধ্যে ৫০ কোটি ডলার দিতে রাজি হয়েছে। ইরান পাকিস্তান পাইপ লাইন বাদ দিয়ে তুর্কেমেনিস্থান আফগানিস্তান পাকিস্তান ভারত পাইপ লাইন স্থাপনে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।