পাকিস্তানে বন্যায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখে। ভারি মৌসুমী বৃষ্টির কারণে পাকিস্তানে গত তিন সপ্তাহ ধরে বন্যা চলছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে পাঞ্জাব,সিন্ধ ও বেলুচিস্তানে দুর্গত মানুষের সাহায্যার্থে ৩৫০টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাঞ্জাবের চেনাব ও সিন্ধের রাভি নদীতে রবিবার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। ইন্দাস, শুক্কুর, গুড্ডু কতরি ও সুতলেজ নদীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাভি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আরো অনেক গ্রাম প্লাবিত হয়েছে। চেনাব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাঞ্জাবের বস্তি বখতিয়ারি এবং আশেপাশের গ্রামগুলো প্লাবিত হয়েছে। -খবর ডন সংবাদপত্রের।