যশমাইট পার্কের প্রান্তে দাবানল

ঝুঁকির মুখে সানফ্রান্সিসকোর সংরক্ষিত জলাধার

ক্যালিফোর্নিয়ার দাবানল সোমবার যশমাইট ন্যাশনাল পার্কের প্রান্তে এসে পৌঁছেছে। যশমাইট পার্ক যুক্তরাষ্ট্রের সুন্দরতম স্থানগুলোর একটি। প্রতিবছর এ সময় বহু পর্যটক এখানে আসে। দাবানলের কারণে পার্কটি ও একটি সংরক্ষিত জলাধার যেখান থেকে সানফ্রান্সিসকো শহরে পানি সরবরাহ করা হয় তা ঝুঁকির মুখে পড়েছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ব্যাপকতার দিক দিয়ে ৯ দিন আগে শুরু হওয়া এই দাবানলের অবস্থান ১৩তম। আগুনের লেলিহান শিখা হেচ হেচি জলাশয়ের কাছে পৌঁছে গেছে। প্রবল বায়ুপ্রবাহের কারণে দমকল কর্মীদের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাতাসের কারণে দাবানল উত্তর-পূর্বদিকে ধাবিত হচ্ছে।-খবর ডন ডটকমের। তবে সানফ্রান্সিসকোর ইউটিলিটি বিভাগ জানিয়েছে দাবানলের কারণে পানি সরবরাহে কোনরূপ সমস্যা এখনও দেখা দেয়নি। ২৮শ’র বেশি অগ্নিনির্বাপন কর্মী হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। খরা ও অত্যন্ত শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলটি প্রকট হয়েছে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।