আফগানিস্তানের সঙ্গে সংলাপে বসতে রাজি নয় তালেবান: পাকিস্তান
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২১:১৩
আফগানিস্তানে কারজাই সরকার এবং এর শান্তি আলোচকদের সাথে আলোচনা চালাতে অসম্মতি জানিয়েছে তালেবান জঙ্গিরা। এখনই তাদের সাথে কোন বৈঠকে বসবে না বলে জানিয়েছে তারা। গত মঙ্গলবার পাকিস্তানের পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হয়। —খবর সিনহুয়ার।
পাকিস্তানে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দুই দিনের সফর শেষে দেশটির তরফ থেকে এ বক্তব্য দেয়া হল। সফরে তালেবানকে আলোচনার টেবিলে বসার জন্য উদ্বুদ্ধ করার বিষয়ে প্রাধান্য দেয়া হয়েছে। ইসলামাবাদে কারজাইয়ের মুখপাত্র আয়মাল ফাইজি বলেছেন, আলোচনায় তালেবান নেতাদের আলোচনায় বসাতে ইসলামাবাদের সহায়তা চেয়েছেন কারজাই। আফগান সরকার দাবি করেছে, তালেবান নেতারা পাকিস্তানে বসবাস করছে এবং পাকিস্তানের উচিত তাদেরকে প্রভাবিত করা। এছাড়া আফগান শীর্ষ শান্তি পরিষদ ও তালেবানের মধ্যে সরাসরি আলোচনার ব্যবস্থা করা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ জানান, তালেবান আফগান সরকার অথবা দেশটির শান্তি পরিষদের সাথে আলোচনা করতে ইচ্ছুক নয়।