কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৫ জঙ্গি নিহত
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৩, ২১:৩৪
ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্ততপক্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। গান্দারবাল জেলার নজওয়ান বনের কাছে শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এদিন জঙ্গিরা আধা সামরিক বাহিনীর একদল সেনা এবং পুলিশদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করলে পাঁচ জঙ্গি নিহত হয়। তবে এ হত্যার ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে। পূর্বে এ ধরনের ঘটনার তদন্তের কথা উল্লেখ করে তারা জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রমোশন ও নগদ পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে এমন হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে থাকে। ১৯৮৯ সাল থেকেই কাশ্মীরি বিদ্রোহীরা ভারতীয় শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। ভারত এবং পাকিস্তান দুই দেশই কাশ্মীরকে তাদের বলে দাবি করে আসছে। তবে ১৯৯০ সালের পর থেকে কাশ্মীরে চরম সহিংসতা কমানোর লক্ষ্যে সাম্প্রতিক সময়ে উদ্যোগ নেয়া হয়। বিদ্রোহ নিরসন করা এখনও অনেক সময়ের ব্যাপার।
এদিকে, ২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে এই বছরের শুরুতে আফজাল গুরু নামে এক ব্যক্তির ফাঁসি হওয়ায় ঐ অঞ্চলে সহিংসতা আরো তীব্র আকার ধারণ করেছে।