সংবাদ কণিকা

ক্ষতিপূরণ দেবে ফেইসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের বিজ্ঞাপনে স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত তথ্য শেয়ার হওয়ায় ব্যবহারকারীদের দুই কোটি ডলার ক্ষতিপূরণের ঘোষণা দেয়া হয়েছে। প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ছয় লাখ ১৪ হাজার ফেইসবুক ব্যবহারকারীকে এ অর্থ দেয়া হবে বলে ফেইসবুক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এদিকে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় পাঁচজন ব্যবহারকারী ইতোমধ্যে ফেইসবুকের বিরুদ্ধে মামলা করেছেন। —রয়টার্স গৌতম বুদ্ধের ভিক্ষাপাত্র গৌতম বুদ্ধের একটি ভিক্ষাপাত্র যেন আফগানিস্তান থেকে ভারতের বিহারে তার আদি জায়গায় ফিরিয়ে আনা হয় তার জন্য দাবি তুলেছেন এক ভারতীয় এমপি। বিহারের বৈশালি থেকে নির্বাচিত সংসদ সদস্য রঘুবংশ প্রতাপ সিং বলেছেন, কাবুল যাদুঘরের উচিত ঐ ভিক্ষাপাত্র ভারতকে ফিরিয়ে দেয়া, কারণ গৌতম বুদ্ধ নিজেই নাকি সেটি বৈশালিবাসীকে দান করে গিয়েছিলেন। ঐ ভিক্ষাপাত্র আফগানিস্তানে নিরাপদ নয়, এমন আশংকাও ব্যক্ত করেছেন তিনি। —বিবিসি মঙ্গলগ্রহে প্রাণের উত্স মঙ্গলগ্রহ থেকেই নাকি পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের গেনসভিল-এ ওয়েস্টহাইমার ইন্সটিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক স্টিভেন বেনার এমন এক তত্ত্ব খাঁড়া করেছেন। তাঁর ধারণা, মঙ্গলগ্রহ থেকে একটি উল্কা পৃথিবীর উপর আছড়ে পড়েছিল। তাতে যে সব ধাতু ছিল, সেগুলোই পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার করেছে। বিশেষ করে ‘মলিবডেনাম’ নামের উপকরণের অক্সিডাইজড ধাতুর রূপ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে অধ্যাপক বেনারের বিশ্বাস। —এএফপি নিশানের চালকবিহীন গাড়ি জাপানের গাড়ি নির্মাতা নিশান সমপ্রতি চালকহীন স্বয়ংক্রিয় গাড়ি বাণিজ্যিকভাবে তৈরির পরিকল্পনা প্রকাশ করেছে। ২০২০ সাল নাগাদ বাণিজ্যিকভাবে এ গাড়ি বিক্রি হতে পারে। এ লক্ষ্যে ২০১৪ সাল থেকে পরীক্ষামূলক চালকহীন গাড়ি ব্যবহার শুরু করবে নিশান। এ কাজে প্রতিষ্ঠানটির পাশে থাকবে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো। এমআইটি, অক্সফোর্ড, স্ট্যানফোর্ড, ইউনিভার্সিটি অব টোকিওসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে নিশান। —রয়টার্স