ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে আলমগীর হোসেন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আলমগীর হোসেন ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, ওই গ্রামের খাস জমিতে কয়েকটি পরিবার ঘরে তুলে বসবাস করে। নিহত আলমগীরের বড়ভাই জাহাঙ্গীর হোসেন প্রতিবেশী আব্দুল মজিদের ঘরের সঙ্গে লাগোয়া জমিতে খড়ের গাদা দেয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা নিয়ে আলমগীর ও মজিদের মধ্যে কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জুড়িয়ে পড়ে। এতে আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
আরো পড়ুন : কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
ওসি বলেন, আলমগীরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে। এই ঘটনায় পুলিশ প্রতিবেশী আব্দুল মজিদ ও সাহেব আলীকে আটক করেছে।
ইত্তেফাক/ইউবি