মিসরে মুরসি সমর্থকদের আবারো বিক্ষোভ
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২১:৪৯
সমাবেশ অথবা মিছিল সহিংস রুপ নিলে গুলি করা হবে এ ধরনের সতর্কতা সত্ত্বেও শুক্রবার হাজার হাজার মানুষ সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিসরের প্রেসিডেন্ট মুরসির পুনর্বহালের দাবিতে কায়রোসহ অন্য শহরে বিক্ষোভ করে।— খবর আল জাজিরা ও টাইমস অব ইন্ডিয়ার।
দুই সপ্তাহ আগে কয়েক শত বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর মিসরে মিছিল সমাবেশ একরকম বন্ধই ছিল। শুক্রবার আবার সেখানে বড় ধরনের বিক্ষোভ হলো। বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সংঘটিত হয়েছে। তবে কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। পোর্ট সাইদ ও শারিকিয়ায় দুইজন নিহত হয়েছেন। রাতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক সেনা নিহত ও দুই সেনা আহত হয়েছে।
কায়রোর সাহেব রুমি মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রায় ৫ শত মুসল্লি মিছিল বের করে। হাজার হাজার মানুষ এদিন কায়রোর রাজপথে প্রেসিডেন্ট মুরসির পুনর্বহালের দাবিতে মিছিল করে। সরকার বড় বড় রাস্তাগুলোতে ট্যাংক এবং সাঁজোয়া যান মোতায়েন করে। মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় প্রায় ১০ হাজার মানুষ মুরসির সমর্থনে মিছিল করে।
মুসলিম ব্রাদারহুডের বিবৃতিতে কায়রো ছাড়া মিসরের আরো ৩২টি শহরে বিক্ষোভের কথা বলা হয়েছে। ব্রাদারহুড জানায়, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়া ও সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে সংকল্পবদ্ধ। বৃহস্পতিবার মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল সরকার জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন যে কোন ধরনের হুমকি প্রতিহত করতে প্রস্তুত আছে। নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে পুলিশ।
উল্লেখ্য, গত ৩ জুলাই মুরসি সরকারের পতনের পর মুসলিম ব্রাদারহুডের প্রায় সব শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়।