জারদারির মেয়াদ শেষের পর দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২১:৫০
ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি আনোয়ার জামালির নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ শুক্রবার এ নোটিস জারি করে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘এক্সপ্রেস ট্রিবিউন’ এ খবর জানিয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জারদারির ক্ষমতার মেয়াদ শেষ হবে। এর মাত্র কয়েক দিন আগে এ নিষেধাজ্ঞা জারি করা হলো। আগামী ৩ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। জানা গেছে, মেমোগেট মামলার একজন আবেদনকারী শাহিদ ওরাকাজাইয়ের আবেদনের ভিত্তিতে গত শুক্রবার আদালত এই নোটিসটি দেয়।
জানা গেছে, অ্যাবোটাবাদে ২০১১ সালের ২ মে মার্কিন সামরিক অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনার সাথে সংশ্লিষ্ট মেমোগেট মামলায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘটনায় দেশটির সেনাবাহিনী ক্ষুব্ধ হয়েছিল বলে বিভিন্ন সূত্রে খবর জানা যায়। এ ঘটনার পর সম্ভাব্য সেনা অভ্যুত্থান ঠেকাতে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে সহযোগিতার জন্য চিঠি দিয়েছিলেন। মেমোগেট স্ক্যাান্ডাল নামে এই মামলাটি এখনো বিচার বিভাগীয় একটি কমিশনের তদন্তাধীন রয়েছে।