বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক ভূমি উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। আওয়ামী সরকার গত ৩০ ডিসেম্বর ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের পেট্রোলবাংলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. এম ইউসুফ আলী আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছে। সারাদেশের মত নাটোরের চারটি আসনেও তারা ভোট চুরি করেছে। এজন্য ভোটের আগে ঢাকায় আমাকে গ্রেফতার করা হয়েছিলো। আগের রাতে ব্যালটে সিল মারার জন্য তারা আমার মনোনয়ন বাতিল করেছিলো। আ’লীগ-বিএনপি যে দলই ক্ষমতায় আসুক আমরা চাই ভোটের অধিকারও ফিরে আসুক।
দুলু আরও বলেন, পার্শ্ববর্তী ভারতে নির্বাচন হচ্ছে, আর যাই হোক ভোট অবাধ ও নিরপেক্ষ হচ্ছে। সরকার দল ও বিরোধী দলের মধ্যে হাতাহাতি হচ্ছে, তবুও ভোট কিন্তু সুষ্ঠু হচ্ছে। বিএনপি চায় বাংলাদেশেও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হোক। ভোটের এ অধিকার আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, সিংড়া উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক ও নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী দাউদার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, উপজেলা যুবদলের সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইত্তেফাক/আরকেজি