নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঝড়ে বসতঘরের ওপর তালগাছ ভেঙে পড়ে হারেছ মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়।
এর আগে রবিবার ভোরের দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের উপর তালগাছ ভেঙে পড়ে মারাত্মক আহত হন তিনি। নিহত কৃষক হারেছ মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত অফিজ মিয়ার ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কৃষক হারেছ পার্শ্ববর্তী কাউরাট গ্রামে তার শ্বশুরবাড়িতে ধান কাটতে গিয়েছিলেন। ঘটনার দিন রাতে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। ভোরের দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা ওই তালগাছটি ভেঙে ঘরের উপর পড়ে। এ সময় ঘুমন্ত হারেছ মিয়া ঘরের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। পরে আহত হারেছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে রবিবার সকালে হাসপাতালেই তিনি মারা যান।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজীর সাথে কথা হলে তিনি এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গাছটি অনেক পুরোনো ছিল। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি।
ইত্তেফাক/এএম