ঘর থেকে পুলিশের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের জয়রা এলাকা থেকে শহিদুর রহমান (৪০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সোয়া চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পুলিশ সদস্য শহিদুর রহমান ঢাকা জেলার ধামরাইয়ের রাজাপুর কহেলা এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ কোর্টে দায়িত্বরত ছিলেন। 

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সকালে কর্মস্থলে যোগদান না করায় তার মুঠোফোনে একাধিকবার কল করা হয়। এতে সাড়া না পাওয়ায় তার ভাড়া বাসায় খোঁজ নেওয়া হয়।

পরে ঘরের দরজা কেটে ভেতরে ঢোকা হলে তার মরদেহ দেখতে পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো  হয়েছে। 

আরও পড়ুন: হাজীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

মৃত পুলিশ সদস্যের শ্যালক এনামুল হক জানান, তিনি এক কন্যা সন্তানের জনক। স্ত্রী গর্ভবতী হওয়ায় ধামরাইয়ের পাঠানটোলা এলাকায় বাবার বাড়িতে ছিল। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তারা কোনো কিছু জানেন না। 

ইত্তেফাক/অনি