রিয়ালের হারে অ্যাটলেটিকো শীর্ষে
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২২:১৯
শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ স্পানিশ লিগের খেলায় সেভিলা মাঠে গত বুধবার রাতে ২-১ গোলে পরাস্ত হয়। তবে একই যাত্রায় তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ দিয়েগো কস্তার একমাত্র গোলে গ্রানাডাকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সংহত করে।
বার্সেলোনাও এই রাতে নিজ মাঠে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতে দ্বিতীয় স্থানে উঠে আসে। নেইমার দুটি ও লিওনেল মেসি একটি গোল করেন। এ জয়ে অ্যাটলেটিকোর সাথে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়ালো কেবল এক। বিপরীতে রিয়াল এক নম্বর থেকে নেমে গেল তিনে। এটি চারদিনের ব্যবধানে কোচ কার্লো অ্যানচেলোত্তির দলের দ্বিতীয় হার। আগের ম্যাচে এলক্লাসিকোতেও হেরেছিল দলটি।
কস্তার একমাত্র গোলে জিতে কোচ দিয়েগো সিমিওনের দলটি এখন ৭৩ পয়েন্ট নিয়ে লা-লিগার শীর্ষে উঠলো। যদিও চলতি মৌসুমে কম বাজেটের দল নিয়েই শিরোপাধারী বার্সেলোনা ও রিয়ালের সাথে সমানে টক্কর দেয়া আর্জেন্টাইন কোচটি এখনই তার দলকে শিরোপা লড়াইয়ে এগিয়ে রাখতে চান না।
সেভিয়ার মাঠ এস্তাদিও র্যামন সানজেসে রিয়ালকে ১৪ মিনিটে এগিয়ে দেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। কার্লোস বাক্কার গোলে কিছুক্ষণ পরই স্বাগতিকরা সমতায় ফিরে। দ্বিতীয়ার্ধে অ্যানচেলোত্তির দল অসাধারণ খেললেও নির্ধারিত সময়ের ১৮ মিনিট আগে বাক্কার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে স্বাগতিক। এর সুবাদে লিগে টানা ষষ্ঠ জয়ে তালিকায় পাঁচে জায়গা করে নিয়েছে সেভিয়া।
শিরোপা লড়াইয়ে এগিয়ে
রাখছেন না সিমিওনে
অ্যাথলেটিকো মাদ্রিদ আবারো লা-লিগার শীর্ষে ফিরলেও এখনই নিজেদের শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখতে নারাজ কোচ দিয়েগো সিমিওনে। মূলত আরো কিছু সময়ের জন্য স্থানটি ধরে রাখার দিকেই নজর দিচ্ছেন তিনি। বুধবার নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালডেরনে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়ে সবার উপরে জায়গা করে নেয় তার দল।
সিমিওনে বলেন, ‘প্রতিটি খেলা দীর্ঘ, কঠিন এবং জটিল। ছেলেরা অবিশ্বাস্য এবং অসাধারণ খেলেছে। এটি আমাদের জন্য অসাধারণ একটি মৌসুম কিন্তু শেষটা আমরা কিভাবে করছি তার ভিত্তিতেই এটি মূল্যায়িত হবে। লিগে আটটি খেলা এখনো বাকি তাই যাদের অধিক শক্তি রয়েছে তারাই সুবিধাজনক অবস্থায় থাকবে। আমরা যদি আরো চার কিংবা পাঁচটা ম্যাচ পর্যন্ত বর্তমান অবস্থানে থাকতে পারি তাহলে এটি আমাদের অনেক উজ্জীবিত রাখবে।’
সিমিওনে লিগে ত্রিশ ম্যাচ শেষে নিজেদের শীর্ষে দেখতে পাওয়ার কৃতিত্ব দেন ক্লাবের কর্মকর্তাদের। তার মতে, এদের অক্লান্ত পরিশ্রমে লা-লিগা এখন আর দুই ঘোড়ার দৌড় নয়। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি ক্লাবের প্রচেষ্টাকে প্রশংসা জানাই। আমরা পাকাপোক্ত জায়গা ধরে রাখার জন্য ভালোভাবেই কাজ করে যাচ্ছি। আমাদের এক ঝাঁক খেলোয়াড় রয়েছে; যারা প্রতিনিয়ত নিজেদের ত্রুটিগুলো সম্পর্কে ধারণা রেখে উন্নতি করছে।’
এদিকে সেভিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্যজনক হারটি নিয়ে কোচ অ্যানচেলোত্তি বলেন, ‘আমরা হার প্রত্যাশা করিনি। একটা কারণে এটা হতে পারে, তা হল সেভিলার পাল্টা আক্রমণ ঠেকানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আর এভাবেই তারা দুটি গোল পেয়ে যায়।’