অনূর্ধ্ব-১৫ প্ল্যান বালিকা ফুটবলের ফাইনাল আজ
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২২:১৯
সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ আজ বিকাল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্ল্যান বালিকা ফুটবল ফাইনালে মুখোমুখি হবে। অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবলের শুরু হয়েছিল গত বছর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা ফুটবল কমিটি আগেই জানিয়েছিলেন টুর্নামেন্ট থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ শেষে তাদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হবে। ২১০ ফুটবলারকে এক মাস প্রশিক্ষণ দেয়া হয়েছে। ফাইনালের আগে গতকাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু বলেন, ‘সামনে আমরা মহিলা চ্যাম্পিয়নশিপ আয়োজন করবো। সেখানে প্ল্যান ফুটবল থেকে অনেক খেলোয়াড় খেলার সুযোগ পাবে।’ এই কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফজা আক্তার কিরন জানিয়েছেন এক মাস প্রশিক্ষণের জন্য কিছুই না। তারপরও যারা ফুটবলের অনেক মূল বিষয়গুলো জানতো না তারা এখন অনেকটা এগিয়েছে। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস জেগেছে।
বাফুফের ১৪ কোচ সাতটি অঞ্চল থেকে খেলোয়াড় বাছাই করেছেন। ৩০ জন করে নেয়া হয় প্রশিক্ষণের জন্য। এরপর ফেব্রুয়ারিতে শুরু হয় প্রশিক্ষণ। মাসব্যাপী প্রশিক্ষণের পর এই ফাইনাল হতে যাচ্ছে।
মহিলা ফুটবলের জন্য আর্থিক সহযোগিতা করছে জাপানের কাপড় উত্পাদনকারী প্রতিষ্ঠান ইউনিক্লো। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির আইয়োকো কুরিহারা জানিয়েছেন তারা মহিলা ফুটবলের কার্যক্রমে সন্তুষ্ট। আগামীতে এই খেলার সাথে তারা সম্পৃক্ত থাকবেন।