শিরোপা লড়াইয়ে সেরেনা-লি না
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২২:১৭
সনি ওপেনের ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছেন মহিলা টেনিসের দুই শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস ও লি না। মারিয়া শারাপোভাকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করা সেরেনার পর গতকাল শেষ চারের অন্য লড়াইয়ে ডমিনিকা চিবুলকোভাকে হারিয়েছেন লি। এদিকে, ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ কোর্টে নামছেন পুরুষ এককের দুই শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচও।
প্রথম দুটি সেট দু’জনে ভাগাভাগি করার পর ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে এক পর্যায়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন লি। তবে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে সেখান থেকে ৬-৩ গেমে সেটটি জিতে নেন এই চীনা। প্রথমবারের মতো মায়ামি ওপেনের ফাইনালে পৌঁছার পর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাধারি জানালেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, ‘আমি সত্যিই দারুণ খুশি প্রথমবারের মতো এখানে ফাইনালে খেলতে পেরে। তবে আজ (গতকাল) মনে হয় সার্ভ করার চেয়ে সার্ভ ঠেকানোটা সহজ ছিল!’
লি নার এই কথার কারণটাও সহজেই অনুমেয়। ম্যাচে দু’জন দু’জনের সার্ভে দু’জন পয়েন্ট পেয়েছেন সাতবার! প্রথম সেটে ৭-৫ গেমে জেতার পর দ্বিতীয় সেটটি হেরে বসেন প্রায় একতরফাভাবে। তবে ২-৬ ব্যবধানে এই হারের পরেও শেষ সেটে প্রতিপক্ষের সার্ভে টানা চারটি পয়েন্ট তুলে নিয়ে ম্যাচ জেতেন লি নাই।
এদিকে লি নার আগেই মায়ামিতে নিজের নবম ফাইনাল নিশ্চিত করেন সেরেনা। আর ফাইনালে পা রাখার পথে এই নাম্বার ওয়ান বলতে গেলে উড়িয়েই দেন শারাপোভাকে। যদিও মায়ামিতে নিজের প্রথম শিরোপার লক্ষ্যে খেলতে নামা শারাপোভা প্রথম সেটে দারুণ সুযোগ পেয়েছিলেন ম্যাচে এগিয়ে যাবার। ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তাকে হারতে হয় ৬-৪ গেমে। এরপর দ্বিতীয় সেটেও ৬-৩ গেমে হারের পর ম্যাচ শেষে শারাপোভা দুষলেন নিজেকেই, ‘প্রথম সেটে আমি দারুণ খেলছিলাম এবং তার সার্ভে পয়েন্টও তুলে নিচ্ছিলাম। কিন্তু হঠাত্ করেই কি যে হল! হঠাত্ই যেন আমি ম্যাচ থেকে ছিটকে পড়লাম। ’
এদিকে ডেভিড ইস্তোমিনের বিপক্ষে প্রত্যাশিত জয়েই টুর্নামেন্টের শেষ চারে পা রেখেছেন নাদাল। যদিও, হারের আগে বিশ্বের এক নম্বর তারকাটিকে দারুণ ভুগিয়েছেন ইস্তোমিন। ৪-৬, ৬-২, ৬-৪ গেমে জয়ের পর নাদালও স্বীকার করেছেন সেটা। এই স্প্যানিয়ার্ড বলেন, ‘সত্যি কথা বলতে কি সে আমার জন্য দারুণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা সবসময়ই কঠিন। বিশেষ করে ম্যাচের শুরুটা যদি আপনার পরিকল্পনা অনুযায়ী না হয় তখন।’
কানাডিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম সেটে হেরে গেলেও দ্বিতীয় সেটের শুরুতেই পাওয়া ব্রেক পয়েন্টটি ম্যাচে ফিরতে সাহায্য করেছে জানিয়ে নাদাল আরো বলেন, ‘দ্বিতীয় সেটের শুরুটা ব্রেক পয়েন্ট দিয়ে শুরু করতে পারাটা ছিল গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা আমাকে অনেকটা সাহায্য করেছে ম্যাচে ফিরতে।’
ফাইনালে যাওয়ার লড়াইয়ে নাদাল আজ খেলবেন টমাস বার্ডিচের বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে নোভাক জোকোভিচ খেলবেন জাপানের কোচ নিশিকরির বিরুদ্ধে।