সিটির সামনে আজ
নড়বড়ে আর্সেনাল
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২২:১৮
দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ খেলায় আজ শনিবার ফর্মহীনতায় ভুগতে থাকা আর্সেনালের মাঠে স্বাগতিকদের মোকাবেলা করবে। আত্মবিশ্বাসের দিক থেকে দল দুটির অবস্থান বিপরীত মেরুতে হলেও ইত্তিহাদ স্টেডিয়ামে জয়ের জন্যই মাঠে নামবে বলে জানিয়েছেন স্বাগতিক কোচ আর্সেন ওয়েঙ্গার।
সিটি অবশ্য আগের ম্যাচেই ম্যানস্টোর ডার্বিতে ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে স্বাগতিকদের উড়িয়ে দেয়ার পর কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির দলের লক্ষ্য থাকবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। এ রাতে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। আর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি খেলতে যাবে ক্রিস্টাল প্যালেসের মাঠে।
লিগে শুরুটা দারুণ হলেও সময় গড়ানোর সাথে সাথেই যেন ম্লান হতে থাকে আর্সেনালের পারফরম্যান্স। লিগ টেবিলের শীর্ষস্থান থেকে নামতে নামতে গানার্সরা এখন অবস্থান করছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা এভারটনের চাইতে ছয় পয়েন্ট এগিয়ে থাকলেও, আর্সেনালের চাইতে একটি ম্যাচ কম খেলেছে তারা। আর পয়েন্ট টেবিলের শীর্ষ চারই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে। অর্থাত্, আরেকটি পরাজয় ওয়েঙ্গারের দলকে ছিটকে দিতে পারে ইউরোপিয়ান ক্লাব পর্যায়ের সর্বোচ্চ আসরের বাইরেও। তবে ওয়েঙ্গার জানালেন, শিরোপা জেতার জন্যই লড়বে তার দল। এই ফরাসি বলেন, ‘এই মুহূর্তে শীর্ষে ফেরা ছাড়া অন্য কিছু নিয়েই ভাবছি না আমরা। মানুষ যদি বলে এভারটন আমাদের ধরে ফেলতে পারে, তাহলে আমরাও বলতে পারি আমাদের ক্ষমতা আছে উপরের দলগুলোকে ধরার।’
তবে আর্সেনালের সামপ্রতিক পারফরম্যান্স ওয়েঙ্গারের আশার পালে মোটেই হাওয়া যোগাতে পারছে না। প্রিমিয়ার লিগে সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে তারা। এ মাসের শুরুতে স্টোক সিটির মাঠে ১-০ গোলে হারের পর স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে তারা বিধ্বস্ত হয়েছে ছয় গোলের বিশাল ব্যবধানে। এই হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ইত্তিহাদ স্টেডিয়ামেই ম্যাথিউ ফ্লামিনির আত্মঘাতী গোলে সোয়ানসি সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের।
সামপ্রতিক এই ফলাফল যে তাকেও ভাবাচ্ছে, সেটাও স্বীকার করলেন ওয়েঙ্গার। শিরোপা লড়াইয়ে ফিরতে হলে জমাট রক্ষণের কোন বিকল্প নেই জানিয়ে এ মাসেই গানার্সদের হয়ে হাজার ম্যাচের মাইলফলক স্পর্শ করা এই কোচ বলেন, ‘আমাদের সময়টা ভাল যাচ্ছে না এটা সত্যি। তবে এর মধ্যেই আমাদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। আমরা সোয়ানসির বিরুদ্ধে সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলাম। নিজেদের সামর্থ্যের উপরই আমাদের আস্থা রাখতে হবে এবং রক্ষণে ভাল করারও কোন বিকল্প নেই। চাইলে ইত্তিহাদের (সোয়ানসির বিরুদ্ধে ঐ ম্যাচ) ম্যাচ থেকে আমরা ইতিবাচক অনেক কিছুই খুঁজে নিতে পারি। তবে আমাদের রক্ষণে আরো ভাল করতে হবে এটাও সত্যি।’
আর্সেনালের ঠিক বিপরীত অবস্থানে আছে সিটি। বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের হার বাদ দিয়ে সর্বশেষ দশ ম্যাচে তারা হারেনি একবারও। আর ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে ৩-০ গোলে ঐ জয়ের সুখস্মৃতি তো থাকছেই। তাছাড়া দলের স্ট্রাইকাররাও আছেন দুর্দান্ত ফর্মে। সুতরাং, সন্দেহাতীতভাবেই ম্যানুয়েল পেলিগ্রিনির দল আজ মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়েই। আর চেলসির চাইতে দুই ম্যাচ কম খেলে তিন পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে থাকা দলটি যদি তাদের পরবর্তী দুটি ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে আজ রাতে চেলসি জিতলেও শীর্ষে চলে যাবে সিটিই।
এদিকে আগের ম্যাচের বড় হারের ধাক্কা সামলে ওঠার লক্ষ্য নিয়ে ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামছে স্বাগতিক ইউনাইটেড।