দক্ষিণ আফ্রিকার মেয়েদের টিকে থাকার লড়াই আজ
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২২:১৮
পাকিস্তানকে ৪৪ রানে হারিয়ে দারুণভাবে শুরু করা দক্ষিণ আফ্রিকার সামনে এখন বাঁচা-মরার লড়াই। কারণ দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে প্রোটিয়া মেয়েরা এখন ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে নেমে গেছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অপেক্ষাকৃত দূর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের জিততেই হবে।
বিশ্বকাপের প্রথম পর্বে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড তিন ম্যাচের সবকটিতে জিতে ছয় পয়েন্ট পেয়ে বেশ ভালভাবেই এগিয়ে আছে। অস্ট্রেলিয়া তাদের পড়শি নিউজিল্যান্ডের কাছে হারের পর দুই জয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকানদের ইতিবাচকতা হলো তাদের বোলিং বিভাগের শক্তিমত্তা যা অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা দেখিয়েছে। তবে দলটির ব্যাটিং এখনো দক্ষতার প্রমাণ দিতে পারেনি। পাকিস্তানের সাথে দুই নতুন ওপেনার ডেন ভ্যান নিয়েকার্ক এবং লিজেল লি ভালভাবেই উতরেছেন। তবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থ হন। তারপরও অধিনায়ক মিগনন ডু প্রিজ এই উদ্বোধনী জুটির উপরই আস্থা রাখছেন। মিডল অর্ডার এখন পর্যন্তজ্বলে উঠতে পারেনি। কারণ হিসেবে বিরুপ আবহাওয়ার কারণে গত মাসে কোন ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেনি প্রোটিয়া মেয়েরা।
বোলিংয়ে শাবনিম ইসমাইল এবং কোলে টাইরনকে নিয়ে নতুন বলে ডান-বাম কম্বিনেশন নিয়ে বেশ আশাবাদী প্রোটিয়ারা। এছাড়া স্পিনে রয়েছে সুনেটে লুবসার এবং সুনে লুস।
আয়ারল্যান্ড অবশ্য টুর্নামেন্টের অন্যতম ফেবারিট নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে সুবিধা করতে পারেনি। ম্যাচগুলো তাদের অভিজ্ঞতায় কঠিনই ছিল। তবে জানুয়ারিতে কাতারে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উজ্জীবিত পারফরমেন্সে থেকে কিছুটা হলেও আত্মবিশ্বাস নিতে পারে আইরিশ মেয়েরা। দলীয় অধিনায়ক ইসাবেল জয়েস দলের ব্যর্থতা সম্পর্কে বলেন, ইতিবাচক দিক হচ্ছে আমরা সুযোগ পাচ্ছি কিন্তু নেতিবাচক হচ্ছে শেষ পর্যন্ত আমরা তা কাজে লাগাতে পারছি না। যদিও মেয়েদের সামনে একটি ভাল সুযোগ তো অন্তত এসেছে মূল পর্বে খেলার যা তাদের পুরুষ দল করে দেখাতে পারেনি। বাছাইপর্বে তিনটির মধ্যে দুটি ম্যাচ জিতেও বিদায় নিতে হয়েছিল আয়ারল্যান্ডকে।
আইরিশ মেয়েদের আরেকটি সুবিধা হলো দক্ষিণ আফ্রিকার মত কোন গাণিতিক জটিলতা নিয়ে মাঠে নামতে হচ্ছে না। তাই চাপহীন থেকেই খেলতে নামবে তারা।