গাজীপুরে নিখোঁজের ১২দিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কাথোরা এলাকার জনৈক জাহাঙ্গীর আলমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসিবুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গাছা থানার এসআই ফোরকান জানান, গত ১২ মে ঢাকার শেরেবাংলা থানা এলাকা থেকে মোটরসাইকেল যোগে গাজীপুরের কাথোরায় নিজ বাড়িতে আসার পথে নিখোঁজ হন ইউরোপিয়ন অব বাংলাদেশ ইউনিভার্সিটির সিভিল বিভাগের ছাত্র ইসমাইল হোসেন জিসান (২৪)। এ ঘটনায় পর দিন গাছা থানায় সাধারণ ডায়রি করেন তার পিতা সাব্বির হোসেন শহিদ। এর চারদিন পর ঢাকার শেরেবাংলা নগর থানায় আরেকটি সাধারণ ডায়রি করা হয়।
ঢাকার শেরেবাংলা থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, তদন্তকালে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোপন সূত্রে জানতে পারেন এ ঘটনার সন্দেহভাজন আসামি হাসিবুল ইসলাম গাছা থানা এলাকায় অবস্থান করছে। তিনি মধ্য কামারজুরি বাজার এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন এবং ওই এলাকার জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থাকেন। পরে গাছা থানার সহযোগিতা নিয়ে কাথোরা এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে হাসিবুলকে আটক এবং তার কক্ষ থেকে নিখোঁজ জিসানের মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আটক হাসিবুলের স্বীকারোক্তি ও দেখানো মতে ওই বাসার সেপটিক ট্যাংক থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন : ‘চেয়ার ছেড়ে দিয়ে ব্যাংকের কেরানির চাকরি নিলেই হয়’
গাছা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি