মাঠে ফিরলেন পোলার্ড

হাঁটুর ইনজুরি কাটিয়ে প্রায় ছয় মাস পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান কিয়েরন পোলার্ড। গত শুক্রবার কুইন্স পার্ক ওভালে আঞ্চলিক চ্যাম্পিয়নশীপে চারদিনের খেলায় কম্বাইন্ড ক্যাম্পাস ও কলেজ দলের বিপক্ষে ত্রিনিদাদ ও টোবাগো দলের হয়ে মাঠে নামেন তিনি। গত অক্টোবরে ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সর্বশেষ খেলেছেন ডান-হাতি এ ব্যাটসম্যান। তারপর থেকেই মাঠের বাইরে তিনি। এমনকি ওয়েস্ট ইন্ডিজ দলের ভারত ও নিউজিল্যান্ড সফরেও যেতে পারেননি পোলার্ড।একই কারণে বাংলাদেশে অনুষ্ঠানরত টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ক্যারিবীয় সুপার ৫০ চ্যাম্পিয়নশিপেও খেলার সুযোগ নষ্ট হয় তার। পোলার্ডের খেলায় ফেরার সংবাদটা আগামী জুন থেকে নিউজিল্যান্ড ও বাংলাদেশকে আতিথেয়তা দিতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য সুখবর বয়ে আনলো।-বাসস