বায়ার্নের বিরুদ্ধে আত্মবিশ্বাসী রুনি
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২২:৩০
স্যার অ্যালেক্স ফার্গুসন উত্তর যুগে কঠিন এক পথই পাড়ি দিতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ক্রমাগত হারের ধাক্কায় রেড ডেভিলরা এখন প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে। তবে গত কয়েক ম্যাচ ধরে যেন একটু একটু করে হারানো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে তারা। অলিম্পিয়াকোচের বিরুদ্ধে ৩-০ গোলের দারুণ এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। আর গত শনিবার রাতে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিশ্চিতভাবেই আরো আত্মবিশ্বাসী ইংলিশ জায়ান্টরা। দুই গোল করে এই জয়ে বড় ভূমিকা রাখা ওয়েইন রুনির বিশ্বাস, বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে আগামীকালের চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ের জন্য প্রস্তুত তার দল।
রুনির দুই গোলের পাশাপাশি, মাতা ও হার্নান্দেজের একটি করে গোলে ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে সফরকারিদের সহজেই উড়িয়ে দেয় ইউনাইটেড। স্বাগতিক দর্শকদের সামনে এই জয়ই আগামীকাল ইউরোপ সেরা বায়ার্নের বিরুদ্ধে ইউনাইটেডকে আত্মবিশ্বাসী করে তুলবে জানিয়ে রুনি বলেন, ‘এটা অসাধারণ একটা জয়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়নদেরই বিরুদ্ধে; আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে দারুণ উত্তেজিত এবং মাঠে নামতে আমার তর সইছে না। আশা করছি, দারুণ একটা ম্যাচ হবে এটা এবং আমরা ভাল ফল নিয়েই মাঠ ছাড়তে পারবো।’
এদিনের এই দুই গোলে প্রিমিয়ার লিগে রুনির গোল সংখ্যা গিয়ে দাঁড়াল ১৭১-এ। যা কিনা প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। তবে ব্যক্তিগত এই অর্জনের চাইতে রুনি বড় করে দেখতে চাইলেন দলের আপাত ‘সংকট মুক্তি’কেই, ‘অবশ্যই এটা দারুণ একটা ব্যাপার। তবে আসল ব্যাপার হচ্ছে আমাদের ঘুরে দাঁড়ানোটা খুব বেশি প্রয়োজন ছিল। সপ্তাহের মাঝামাঝি সিটির কাছে (৩-০ গোলে) হারের পর আমরা কতটা ভাল দল সেটা প্রমাণের দায়িত্ব ছিল আমাদের উপরেই। আর সেটা করতে পেরে আমরা খুশি।’