শীর্ষে লিভারপুল

লুইস সুয়ারেজের রেকর্ডের রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল লিভারপুল। সুয়ারেজের এক গোলের পাশাপাশি কটিনহো, হেন্ডারসনের লক্ষ্যভেদে টটেনহ্যাম হটস্পারকে গত রবিবার অ্যানফিল্ডে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। আর এই জয়ের ফলে চেলসির সমান ৩২ রাউন্ড খেলে তাদের চাইতে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এখন অল রেডসরাই। অন্যদিকে তাদের চাইতে দুই ম্যাচ কম খেলে চার পয়েন্ট কম নিয়ে ম্যানচেস্টার সিটি আছে তৃতীয় স্থানে। ম্যাচের শুরু হতে না হতেই প্রতিপক্ষ ডিফেন্ডার ইউনেস কাবুলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেননি দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজ। জান ভার্টনঘ্যানের বদলী হিসাবে মাঠে নামা মাইকেল ডসনের ভুল পাসকে কাজে লাগিয়ে বা পায়ের দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই উরুগুইয়ান। আর এই গোলের মাধ্যমে রেডস কিংবদন্তী রবি ফাওলারের ২৮ গোলের রেকর্ডকে ছাড়িয়ে লিভারপুলের পক্ষে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন সুয়ারেজ। পেয়ে যেতে পারতেন ৩০তম গোলটিও। রাহীম স্টার্লিংয়ের ক্রসে তার শক্তিশালী হেডটি ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক। এরপর দ্বিতীয়ার্ধে ফিলিপ কটিনহো ও জর্ডান হেন্ডারসনের দুই গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়কে শিরোপা প্রত্যাশী অন্য দুই দল চেলসি ও ম্যানচেস্টার সিটির প্রতি একটা সতর্কবার্তা হিসাবেই মনে করছেন ব্রেন্ডন রজার্স। চলতি মৌসুমে ঘরের মাঠে ১৬ লিগ ম্যাচের ১৪টিতেই জয় পাওয়া লিভারপুল কোচ বলেন, ‘কোন সন্দেহ নেই, তারা এখানে খেলাটা মোটেই উপভোগ করবে না। উল্টোদিকে, এখানে খেলাটা আমরা সবসময়ই দারুণ উপভোগ করি। টটেনহ্যামের বিরুদ্ধে সমর্থকদের প্রতিক্রিয়া ছিল দারুণ। আশাকরি, সামনে সেটা আরো বাড়বে।’ ঘরের মাঠে নিজেদের পরবর্তী দুটি ম্যাচে সিটি ও চেলসির মুখোমুখি হচ্ছে লিভারপুল।