হেরাথ সহজ প্রাণ কঠিন আঘাত

সাইড বেঞ্চে বসে থাকা তার জন্য নতুন কোন অভিজ্ঞতা নয়। ক্যারিয়ারের অনেকটা সময়ই যে ছিলেন মুত্তিয়া মুরালিধরনের আড়ালে। বড় অসময়ে জন্মানোর কারণে ৩৬ বছর বয়সে এসেও খেলেছেন মাত্র ৫১টি টেস্ট আর ৫৫ টি ওয়ানডে। আর টি-টোয়েন্টি ম্যাচে তো তিনি অনেক আগে থেকেই বাতিলের খাতায়। কিন্তু বিশ্বকাপে স্পিনারদের দাপট দেখেই কি-না গত সোমবার ডাক পড়লো সেই রঙ্গনা হেরাথের। আর সাইড বেঞ্চ থেকে এসেই তিনি যা করলেন তাতে নাম উঠে গেল ইতিহাসের পাতায়। তিন রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং ফিগারের মালিক হয়ে গেছেন তিনি। ৫৯ রানের পরাজয় নিয়ে বাদ পড়ে গেল নিউজিল্যান্ড। আঙ্গুলের ব্যথায় নামতে পারেননি কোরি অ্যান্ডারসন। কে জানে! নামলে হয়তো সেরা বোলিং ফিগারটাই চলে আসতো হেরাথের নামের পাশে। ছাড়িয়ে যেতেন সতীর্থ অজন্তা মেন্ডিসকে। রহস্যময় স্পিনার মেন্ডিস দু’বার টি-টোয়েন্টিতে পেয়েছেন ছয় উইকেট। অথচ, গতকালের ম্যাচের আগে টি-টোয়েন্টিতে কখনওই তেমন একটা উচ্চারিত হয়নি রঙ্গনা হেরাথের নাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে খেললেন মাত্র সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এই বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন। সেখানকার পারফরম্যান্সটাও মন্দ ছিল না। কিন্তু, মূল পর্ব আসতেই লঙ্কান টিম ম্যানেজমেন্ট ভুলে গেল হেরাথকে। কিন্তু বুড়ো ঘাড়ের ভেলকিতে আর ভুলে থাকার কোন উপায়ও নেই। অতিমানবীয় এই বোলিংয়ের রহস্য কি? রঙ্গনা হেরাথের সহজ উত্তর, ‘ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করি সব সময়।’ সহজ থাকাটাই রঙ্গনা হেরাথের সাফল্যের মূল রহস্য। ৫১ টেস্টে ১৭বার পেয়েছেন পাঁচ উইকেট। নয় বার চার উইকেট। ৮৯ রানে একবার নিয়েছিলেন সাত উইকেট। ৫১ টেস্টে সব মিলিয়ে ২১৭টি উইকেট নেয়ার পরও কোনকালেই বিশ্বসেরাদের তালিকায় উচ্চারিত হয়নি তার নাম। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরাথের ইকোনমি রেট মাত্র ০.৮৫! তিন ওভার বল করা বোলারদের মধ্যে এটাই সর্বনিম্ন। আরেকবার নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন হেরাথ। আরেকবার তার বোলিংয়ের মান সম্পর্কে অবহিত হল ক্রিকেট বিশ্ব। হোক না ফরম্যাটটার নাম টি-টোয়েন্টি! আন্তর্জাতিক টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগার খেলোয়াড় ফিগার দল প্রতিপক্ষ ভেন্যু সাল অজন্তা মেন্ডিস ৪-২-৮-৬ শ্রীলঙ্কা জিম্বাবুয়ে হাম্বানটোটা ২০১২ অজন্তা মেন্ডিস ৪-১-১৬-৬ শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া পালেকেল্লে ২০১১ রঙ্গনা হেরাথ ৩.৩-২-৩-৫ শ্রীলঙ্কা নিউজিল্যান্ড চট্টগ্রাম ২০১৪ উমর গুল ৩-০-৬-৫ পাকিস্তান নিউজিল্যান্ড ওভাল ২০০৯ উমর গুল ২.২-০-৬-৫ পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০১৩