দিলশানের জরিমানা

আইসিসি’র আচরণ বিধি ভঙ্গ করার অপরাধে শ্রীলঙ্কান অল রাউন্ডার তিলকারত্নে দিলশানকে জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জরিমানা হিসেবে দিলশানের ম্যাচ ফি’র বিশ শতাংশ কর্তন করা হবে। আজ সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জাননো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১নং গ্রুপের ম্যাচে আইসিসি’র আইন ভঙ্গ করেন দিলশান। তিনি আইসিসি’র কোড অব কন্টাক্ট এর আর্টিকেল ২.১.৩ ভঙ্গ করে আম্পায়ারের একটি সিদ্ধান্তের অবমাননা করার চেষ্টা করেছেন। ম্যাচের চতুর্থ ওভারে দিলশান তার বাহু ঝাঁকিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন। বলার চেষ্টা করেছেন যে উইকেট রক্ষকের হাতে জমা পড়া বলটি তার গ্লাভসে লাগেনি। মাঠে দায়িত্বপালনকারী আম্পায়ার রড টাকার, আলিম দার, তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সফোর্ড এবং অতিরিক্ত আম্পায়ার স্টিভ ডেভিস দিলশানের বিপক্ষে অভিযোগটি আমলে নেন এবং সোমবারই লংকান ওই অলরাউন্ডারকে অভিযুক্ত করা হয়। আইসিসি’র এলিট প্যানেলের ম্যাচ রেফারী ডেভিড বুন ওই অভিযোগটি গ্রহণ করায় আনুষ্ঠানিক শুনানি ছাড়াই তার বিরুদ্ধে জরিমানা করা হয়। এতে আর শুনানির প্রয়োজন হবে না।