সম্ভাব্য কোচদের তালিকায় বেলিস
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২২:২৮
বাংলাদেশে চলমান টি-২০ বিশ্বকাপে তুলনামূলক দুর্বল নেদারল্যান্ডের কাছে পরাজয়ের পর ইংল্যান্ড দলের প্রধান কোচ পদে পরিবর্তনের বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত। আর সম্ভাব্য কোচদের চার জনের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছে অস্ট্রেলিয়ান ট্রেভর বেলিসের নাম। অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ ম্যাচে এ্যাশেজ সিরিজে পরাজিত হওয়ার ৮৮ দিন পর ডাচ বোলিং আক্রমণের কাছেও ধরাশায়ী হওয়ার মধ্য দিয়েই শেষ হলো ইংলিশদের শীত মৌসুম। এ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলের প্রধান কোচ এন্ডি ফ্লাওয়ার পদত্যাগ করলে নতুন কোচ খুঁজতে শুরু করে ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফ্লাওয়ারের যোগ্য উত্তরসুরি খোঁজার প্রতি মনোনিবেশ করে ইসিবি। সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী- যদিও দলটির সীমিত ওভারের বর্তমান কোচ অ্যাশলে জাইলসই এখনো কোচ পদের অন্যতম দাবীদার। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কোলকাতা নাইট রাইডার্সের কোচ বেলিস, ইংল্যান্ড দলের সাবেক কোচ পিটার মুর এবং ইংলিশ কাউন্টি দল নটিংহ্যামশায়ারের কোচ মিক নিওয়েলও এখন দৃশ্যপটে রয়েছেন।