আগামীকাল আন্তর্জাতিক ক্রীড়া দিবস

বিশ্বব্যাপী জাতিসংঘ এবং তার সদস্য রাষ্ট্রগুলো প্রথমবারের মতো আগামী ৬ এপ্রিল রবিবার উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হবে। বাংলাদেশেও এই দিবস পালিত হবে। বিশ্বব্যাপী খেলাধুলাকে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়ন করা সম্ভব। এমন লক্ষ্য নিয়ে জাতিসংঘ এই দিবসটি প্রবর্তন করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে গতকাল দুপুরে বিওএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ক্রীড়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্টতার বৃদ্ধির মাধ্যমে খেলাধুলার বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেও আন্তর্জাতিকভাবে এই দিবসটি আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি জানান, মাত্র কয়েক দিন আগে আমাদেরকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে জানানো হয়েছে এই দিবসটির কথা। আমরা স্বল্প সময়ের মধ্যে আয়োজন করেছি। এর মধ্যে থাকছে দিবসের সকাল ৯টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় র্যালী অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার বিকালে বিওএ ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে।