লঙ্কানদের জন্য বোনাস ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে উত্সাহিত করতে লংকান জাতীয় দলের জন্য বোনাস ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। শিরোপা লাভ করতে পারলে তাদের দেয়া হবে অতিরিক্ত ১০ লাখ মার্কিন ডলার। ইতিমধ্যে বংালাদেশে চলমান আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে লংকান সিংহরা। বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ রানে বিজয়ী ঘোষণা করা হয় শ্রীলংকা ক্রিকেট দলকে। ফলে ফাইনালের টিকিট পায় শ্রীলংকা। কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত বিশ্বকাপ টুর্নামেন্টগুলোতে বার বার ফাইনালে উঠলেও শিরোপা জিততে ব্যর্থ হয়েছে লংকান দল। নিজেদের মাটিতে অনুষ্ঠিত গত আসরেও ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে শিরোপা লাভে ব্যর্থ হয় লংকান সিংহরা। যে কারণে ফাইনাল ম্যাচের বিবেচনায় ক্রমেই নিজেদের চোকার হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে লংকানরা। তবে এবার এই বদনাম ঘোচানোর জন্য উঠে-পড়েই লেগেছে শ্রীলংকা। তারই ধারাবাহিকতায় দলীয় ক্রিকেটারদের উত্সাহিত করতে বোর্ড এ উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচ জয়ের পর শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) ঘোষণা দেয় যে, বাংলাদেশ থেকে বিশ্বকাপের শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারলে দলকে দেয়া হবে উল্লেখিত আর্থিক পুরস্কার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি জানায়, ‘শুক্রবার সকালে অনুষ্ঠিত বোর্ডের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে যে, জাতীয় দল শিরোপা নিয়ে দেশে ফিরতে পারলে তাদের ১৫ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। শিরোপা জয়ের জন্য পূর্বে ঘোষিত ৫ লাখ মার্কিন ডলারসহ ওই অর্থ পুরস্কার ধার্য করা হয়েছে।’ উল্লে¬খ্য, গত আসরে ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা দু’দলকেই আগের আসরে হারানোর অভিজ্ঞতা রয়েছে লংকানদের। যদিও শেষ পর্যন্ত ক্যারিবীয়দের কাছে শিরোপা তুলে দিতে বাধ্য হয় তারা। এর আগে ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপের দুটি আসরেও দুবার ফাইনাল থেকে শূন্য হাতে বিদায় নিতে হয়েছে লংকানদের। যার অর্থ হচ্ছে বড় কোন আসরের ফাইনালের চাপ নিতে ব্যর্থ হয়ে তারা জয়লাভ করতে পারছে না। ১৯৯৬ সালে সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জয় করেছিল অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বাধীন শ্রীলংকা। এরপর তারা বড় কোন শিরোপা জয় করতে পারেনি। যদিও অধিকাংশ সময় তারা ভাল খেলা উপহার দিয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা দেখিয়েছে।—বাসস