ঘুরে দাঁড়াতে চায় বার্সা

শিরোপা ধরে রাখতে মরিয়া বার্সেলোনা স্প্যানিশ লিগের খেলায় আজ নিজেদের মাঠে নিচের দিকের দল বেটিসের মুখোমুখি হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মাঝখানে পড়া খেলাটিতে জিতে কাতালানরা পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সংহত করতে চায়। বিশেষ করে এবারের মৌসুমটিতে যেখানে লা লিগায় শিরোপার জন্য ত্রিমুখি লড়াই চলছে। এর মধ্যে সবার শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দলটি আজ নিজ মাঠে ভিলারিয়ালের মুখোমুখি হবে। শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে যারা আজ খেলতে যাবে রিয়াল সোসিয়েদাদের মাঠে। বার্সেলোনার জন্য দুর্বল প্রতিপক্ষকে পাওয়াও একটা ইতিবাচক দিক। কেননা গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় কাতালানরা ন্যু ক্যাম্পেই ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছিল অ্যাটলেটিকোর কাছে। তাও তো খেলা শেষ হওয়ার ১৯ মিনিট আগে নেইমার অতিথি ক্লাবটির স্ট্রাইকার দিয়েগোর দেয়া ৫৬ মিনিটের গোলটি শোধ করতে পেরেছিলেন বলে। নইলে বার্সেলোনাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিয়েছিল দলটি। এ থেকে স্প্যানিশ লিগের শিরোপা লড়াইয়েরও একটা চিত্র ফুটে ওঠে। কোচ জেরার্ডো মার্টিনোর বার্সেলোনার সাথে চলতি মৌসুমে অ্যাটলেটিকোর এটি ছিল চতুর্থ ড্র। তার মধ্যে আবার এ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি কোয়ার্টার ফাইনালে আবার দেখা হচ্ছে দু’দলের। এরপর মৌসুম সমাপনী লড়াইয়ে ১৮ মে এই অ্যাটলেটিকোকেই বিপক্ষ হিসেবে পাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অ্যাটলেটিকোর সাথে ড্রয়ের আগে টানা পাঁচ খেলায় জিতেছিল বার্সেলোনা। ওই জয়গুলোর মধ্যেই ছিল এল ক্লাসিকো এবং নগর পড়শি এস্পানিয়লকে হারানোর ব্যাপারটিও। লিওনেল মেসি নয় গোল এবং দুটি হ্যাটট্রিক নৈপুণ্য দেখান জয়গুলোতে। কাজেই আসন্ন লড়াইগুলোতেও তার ভূমিকাই মুখ্য। কোচ মার্টিনো তার স্বদেশি সম্পর্কে বলেন, ‘মেসি মাঠে থাকলে সব সময়েই কাহিনীর সমাপ্তি একই রকম।’ তবে এ দফায় বার্সেলোনা মাঠে নামছে খেলা বহির্ভূত বিতর্ক নিয়ে। ফিফা স্প্যানিশ চ্যাম্পিয়নদের খেলোয়াড় বেচা-কেনা নিয়ে ১৪ মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। অনূর্ধ্ব ১৮ বয়সসীমার বিদেশি খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনিয়মের কারণেই এই নিষেধাজ্ঞা। ক্লাবটি অবশ্য জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। আপাতত তাদের সান্ত্বনা বেটিস পয়েন্ট টেবিলের সর্বনিম্ন অবস্থানে আছে। যদিও বেটিস ইনজুরির কারণে মাঠছাড়া হওয়া বিপক্ষের দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অধিনায়ক জেরার্ড পিকে ও গোলরক্ষক ভিক্টর ভালদেসের অনুপস্থিতির সুবিধা পেতে পারে। কোচ দিয়েগো সিমিওনের দল অ্যাটলেটিকো লিগের সর্বশেষ পাঁচ খেলাতেই জয়ী হয়েছে। এদিনের প্রতিপক্ষ ভিলারিয়াল তাদের সাথে চার খেলায় মুখোমুখি হয়েও জয়হীন। রিয়াল এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে পরাস্ত হওয়ার পর সেভিয়ার মাঠেও হার মেনেছিল। শেষ পর্যন্ত কোচ কার্লো অ্যানচেলোত্তির দল রায়ো ভালকানোর বিরুদ্ধে ৫-০ গোলে জিতে পরিস্থিতি সামাল দেয়। আজকের খেলাটিতে খারাপ কোন ফল হলে রিয়ালের জন্য মৌসুমে শেষ ভাগে এসে হজম করা কঠিন হয়ে পড়তে পারে। সোসিয়েদাদের অবশ্য বড় দলকে চমকে দেয়ার রেকর্ড আছে। এবারের লিগেই তো ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। এর মধ্যে আবার অ্যানচেলোত্তি জানিয়েছেন, তার মূল স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো সোসিয়েদাদে খেলতে যাবেন না। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলাটিতেও তাকে ১০ মিনিট আগে তুলে নেয়া হয়েছিল।