ভিভিআইপি ও সিআইপিদের অধিকাংশই চোর -আবুল বারকাত

দেশের ভিভিআইপি (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) ও সিআইপির (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) অধিকাংশকে ‘চোর’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। তিনি বলেন, তাদের জন্য যে জায়গা রাখা হয়, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এটা মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টে দেয়। গতকাল রাজধানীর বিসিআইসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জনতা ব্যাংকের অস্থায়ী কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক আবু নাসের, সৈয়দ বজলুল করিম, মাহবুবুর রহমান হিরণ।