সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজধানীর গুলিস্তান, ভাটারা ও বনানীতে গতকাল রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে গতকাল ভোর ৫টার দিকে রাজধানীর ফকিরাপুলের কাঁচাবাজারের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। আহতরা হলেন বদরুল ইসলাম (৪৮) ও সাখাওয়াত হোসেন পলাশ (৪০)। পল্টন থানার এসআই মো. শওকত জানান, সকাল সাড়ে ৭টার দিকে সাউদিয়া পরিবহনের একটি বাস মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে বেপরোয়া গতিতে গুলিস্তান যাওয়ার পথে আনুমানিক ৪০ বছর বয়সী রেজাউল করিম নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। বনানী থানার এসআই বদিউজ্জমান জানান, সকাল ৭টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় এক নারী পথচারী রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ঐ নারীর পরিচয় জানা যায়নি। এছাড়া সকাল ৮টার দিকে ভাটারা থানার কাছে একটি সড়কে তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারী রাস্তার পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস ও বাসের চালককে গ্রেফতার করে। এদিকে সাখাওয়াত হোসেন পলাশ খিলগাঁওয়ের বাসা থেকে মতিঝিল যাচ্ছিলেন। তিনি ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় পৌঁছলে ৪/৫ ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইকারীরা তার মুখে ও ডান হাতে ছুরিকাঘাত করে। এ সময় বদরুল ইসলাম ব্যাপারটি দেখতে পেয়ে এগিয়ে এলে ছিনতাইকারীরা তার পেট ও হাতে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে এর আগেই ছিনতাইকারীরা বদরুল ইসলামের কাছে থাকা দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।