বেইলি রোডে ককটেল ফাটিয়ে টাকা ছিনতাই, পরে উদ্ধার

রাজধানীর বেইলি রোডে দিনদুপুরে ককটেল ফাটিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে পুলিশের দ্রুত ব্যবস্থা নেয়ায় লুট হওয়া দেড় লাখ টাকাসহ ধরা পড়েছে দুই ছিনতাইকারী। গ্রেফতারকৃতরা হচ্ছেন ওমর পারভেজ শাওন (২০) ও রবিউল হাসান (১৯)। গতকাল রবিবার বেলা পৌনে ১১টার দিকে বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাকরাইলস্থ এস এ পরিবহনের পার্শ্বেল ডেলিভারি ম্যান ফারুক হোসেন। ঘটনার সময় তিনি কাকরাইল হেড অফিস থেকে গ্রাহকের টাকা ও চিঠিপত্র নিয়ে ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। তিনি বাঁচাও বাঁচাও বলে চিত্কার করার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তার সামনে পরপর দুইটি বোমা ফাটিয়ে (ককটেল) টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ছিল ১ লাখ ৫০ হাজার ৬৩০ টাকা। খবর পেয়ে রমনা থানার সাব-ইন্সপেক্টর সাঈদ ইবনে সিদ্দিক টিম নিয়ে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে বেইলি স্কোয়ার সরকারি কোয়ার্টারের পূর্ব পাশ থেকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ছিনতাইকৃত সমুদয় টাকা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। আগেও তারা পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কাকরাইল থেকেই ডেলিভারি ম্যান ফারুক হোসেনকে তারা ফলো করে। এ ঘটনায় রমনা থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।