ফার্মভিউ সুপার মার্কেটে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় মামলা দায়ের

রাজধানীর ফার্মগেট এলাকায় ফার্মভিউ সুপার মার্কেটে নিউ কল্পনা নামে জুয়েলার্সের দেয়াল কেটে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। জুয়েলার্সের মালিক মাধব পাল ৫ জনকে আসামি করে এই মামলা করেন। মামলায় ১৬০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭ লাখ টাকা চুরির অভিযোগ করা হয়েছে। আসামিরা হলেন ঐ দোকানের পাশের দোকান ই.এস. ইলেকট্রনিক্সের মালিক দিদারুল আলম, দোকানের ভাড়াটিয়া মিলন খান, ফার্মভিউ সুপার মার্কেটের দোতলার নিরাপত্তা প্রহরী আশিক সাহা, কবীর খান এবং মিলন। পুলিশ এ মামলায় দিদারুল আলম, মিলন খান, আশিক সাহা ও কবীর খানকে গ্রেফতার দেখিয়েছে। শনিবার এই চুরির ঘটনার পর পুলিশ প্রাথমিকভাবে এই ৪ জনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান, প্রাথমিকভাবে তথ্য মিলেছে যে ই.এস.ইলেকট্রনিক্স দোকানটি চলতি মাসের ১ তারিখে ভাড়া নেয় মিলন খান। ঐ দোকানের ভাড়াটিয়া পরিকল্পিতভাবে এই চুরির কাজে সহযোগিতা করেছেন। উল্লেখ্য, গত শনিবার ফার্মভিউ সুপার মার্কেটের দোতলায় নিউ কল্পনা জুয়েলার্সের দেয়াল কেটে ১৬০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭ লাখ টাকা লুট হয়।