যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২২:২৫
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। গতকাল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে, নিষিদ্ধ করতে হবে জামায়াত-শিবির’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকরা এ দাবি জানান। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড এ সভার আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের সভাপতি আকরাম হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার আহাদ চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূইয়া, জাফর ইকবাল প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জী।
আহাদ চৌধুরী যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে বলেন, সরকার ও আমাদের জীবন অসীম নয়, নির্দিষ্ট। তাই আমাদের জীবন থাকতে এবং সরকারের মেয়াদের মধ্যে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, আগামী ৪ জুন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন। একটি পক্ষ চায় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন না হোক। কারণ নির্বাচন হলে তারা অনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হবে।