বিএনপির লংমার্চ আন্দোলন নয় অপরাজনীতি
-সুরঞ্জিত
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২১:৪৭
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, সূক্ষ্ম ভারত বিরোধিতার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লংমার্চের কর্মসূচি পালন করছেন। এটা তাদের আন্দোলন নয়, অপরাজনীতি। মুক্তিযুদ্ধে সহযোগিতা করা বন্ধুপ্রতীম ভারতকে সহ্য করতে পারে না বিএনপি।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার অপরাজনীতি মানুষ বুঝে গেছে। তিনি ভারত বিরোধিতাকে উসকে দিতে চান। জাতির ঐক্যের খাতিরে সরকারকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, সমস্যা সমাধানের জন্য নয়, বিএনপির নেত্রী রাজনীতি করার জন্য লংমার্চ করছেন। কারণ ভারতে এখন নির্বাচন হচ্ছে; ঠিক এই সময়ে বৈশাখের দাবদাহে নিজে এসি গাড়িতে থেকে জনগণকে কষ্ট দিয়ে লংমার্চ কতটুকু পানির জন্য, সেটা ভাবতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তিস্তা চুক্তি হয়ে গেছে, এখন শুধু বাস্তবায়ন বাকি। এটাকে রাজনৈতিক ইস্যু করা কারোই উচিত নয়।
সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।